করোনার প্রণোদনায় পুরোপুরি দুর্নীতি হচ্ছে :ফখরুল

আপডেট : ০৬ মে ২০২১, ০০:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনার কারণে কিছু প্রণোদনা ঘোষণা করেছে, কিন্তু সেখানেও জনগণের জন্য কিছু করা হয়নি। সেই প্রণোদনা নিয়েও পুরোপুরিভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটি সরকার।

গতকাল বুধবার করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের তৈরি ‘অ্যাপস’-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে মহামারি শুরু হওয়ার পর থেকে সরকারের চরম অযোগ্যতা ও অজ্ঞানতা এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে কারোনা চিকিত্সার জন্য সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো, একটা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরি করা, গণতান্ত্রিক একটা সরকার তৈরি করা, গণতান্ত্রিক একটা পারলামেন্ট তৈরি করা যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে জনগণের প্রতি দায়িত্ববোধ থাকবে, যেখানে মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে—সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে, আন্তরিকতার সঙ্গে দোয়া করি তার আশু রোগমুক্তির জন্য।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিত্সা সেবার জন্য ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপস’ উত্সর্গ করা হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মরহুম সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে বক্তব্য রাখেন :ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মো. আশরাফুল হাসান মানিক, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুইয়া জুয়েল, সুলতান সালাহউদ্দিন টুকু, বিথিকা বিনতে হোসাইন, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। ডা. সাজিদ ইমতিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।