মানব কঙ্কালের রহস্য উদ্ঘাটন : ঘাতক গাজীপুর থেকে গ্রেফতার

আপডেট : ০৬ মে ২০২১, ২১:২৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে এক বছর আগে রুবেল নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধারের ঘটনায় সোহরাব হোসেন বলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তদন্ত ব্যুরো (পিবিআই)। গত বুধবার গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হয়। আদালতে সে জানায়, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে রুবেলকে হত্যা করে। গতকাল বৃহস্পতিবার পিবিআই চট্টগ্রাম মেট্রোর জনসংযোগ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা ইত্তেফাককে এ তথ্য জানান।

তিনি বলেন, রুবেল ও সোহরাবের বাড়ি উত্তরবঙ্গে। তারা উভয়ে নগরীর হালিশহর চৌচালা এলাকায় পরিবার নিয়ে বসবাস করত। দুই জনই কৃষিশ্রমিক। তিন বছর আগে সোহরাবসহ আরো কয়েক জন মাসিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে রুবেলের কাছ থেকে ২৮ হাজার টাকা ধার নেয়। কিন্তু তারা নিয়মিত মুনাফা দিতে ব্যর্থ হলে রুবেল ২৮ হাজার টাকা একসঙ্গে ফেরত দিতে বলে। এ নিয়ে সোহরাবের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে সোহরাব রুবেলকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ মাটিতে পুঁতে ফেলে। রুবেলকে খুঁজে না পেয়ে তার ভাই সামছুল হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়ারি করেন। পরে হালিশহরের ওয়াসা প্রকল্পে কাজ করার সময় শ্রমিকরা কঙ্কাল দেখতে পান। ডিএনএ পরীক্ষা করে কঙ্কালটি রুবেলের বলে পুলিশ নিশ্চিত হয়।