বিটিভিতে ঈদে একাধিক নাটক

আপডেট : ০৬ মে ২০২১, ২১:২৭

বিনোদন রিপোর্ট

 

গতবছর নতুন নাটক, অনুষ্ঠান ছাড়া ঈদ আয়োজন করা হলেও এবার তেমনটা হচ্ছে না। দেশের সব চ্যানেলই নিজেদের মতো করে ঈদ অনুষ্ঠানমালা সাজাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনও নিজেদের অনুষ্ঠানমালায় রেখেছে নতুন নাটক, টেলিফিল্ম ও অনুষ্ঠান। তাদের এবারের অনুষ্ঠানমালায় প্রচার হবে ৪টি বিশেষ নাটক। নাটকটগুলোতে দেশের জনপ্রিয় সব তারকাকে দেখা যাবে। ঈদের আগের দিন থেকে পরবর্তী দিনগুলোতে নাটকগুলো প্রচারিত হবে।  ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী। এই নাটকে দেখা যাবে, তাহমিনা ছাত্রজীবনে সাহেদকে ভালোবাসে। ঈদের উপহার হিসেবে সাহেদ তাহমিনাকে একটি শাড়ি উপহার দেয়, কিন্তু উপহার দিয়ে যাওয়ার সময় রাজাকার সাহেদকে মেরে ফেলে সেই থেকে তাহমিনা ঈদের দিন কোনো নতুন কাপড় পরে না। এমন নানা ঘটনায় তাহমিনার জীবন অতিবাহিত হয়।

ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে মাসুম রেজার রচনা এবং ঈমাম হোসাইনের প্রযোজনায় নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। এতে অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার, ডেভোরা সিলভিয়াসহ অনেকে।

ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। নাটকটিতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম, ডেভোরা কুইয়া, তারিকুজ্জামান তপন, কাজী আল আমিন, মনিকা। এছাড়া মাতিয়া বানু শুকুর রচনা এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, কাজী শামসুর রহমানসহ অনেকে।