ঈদ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে সংগীতশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ারের একক সংগীতানুষ্ঠান ‘আইসা পড়ছে গাড়ি আমার’। অনুষ্ঠানটিতে ১০টি গান গেয়ে শোনাবেন তিনি। ফোক, ফোক-ফিউশনধর্মী এই গানগুলো লিখেছেন বেলাল খান, মান্নান মোহাম্মদ, তরুণ মুন্সি ও রাজেশ ঘোষ। অনুষ্ঠানের শিরোনাম সংগীত ‘আইসা পড়ছে গাড়ি’ গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। এ প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার বলেন, ‘আমি গত দুই ঈদেও এটিএন বাংলায় গানের অনুষ্ঠান করেছি। তবে এবারই প্রথম একক অনুষ্ঠান নিয়ে আসছি। বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গানগুলো তৈরি করেছি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতামনে দাগ কাটবে।’ উল্লেখ্য, গত রোজার ঈদেও এটিএন বাংলায় গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেটাই ছিল তার প্রথম গাওয়া কোনো সংগীতানুষ্ঠান। এবারের অনুষ্ঠানের গানগুলোর শুটিং করা হয়েছে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ির মতো প্রাকৃতিক সৌন্দর্যঘেরা স্থানে।
