টেস্ট হারের পরও উপেক্ষিত এনসিএল

আপডেট : ০৬ মে ২০২১, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার

গত ২ এপ্রিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) স্থগিত করেছিল বিসিবি। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কয়েক দিন বিরতির পর তৃতীয় রাউন্ড শুরুর আশা করেছিল বিসিবি। কিন্তু দেশব্যাপী লকডাউনের কারণে তা আর সম্ভব হয়নি।

স্থগিত এনসিএল সহসা মাঠে গড়াচ্ছে না। কারণ আগামী ৩১ মে শুরু হবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে প্রিমিয়ার লিগের ফরম্যাট বদলে গেছে। টি-২০ ফরম্যাটে হবে প্রিমিয়ার লিগ।

এনসিএল কবে শুরু হবে জানতে চাইলে গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম জানিয়েছেন, প্রিমিয়ার লিগের পরই মাঠে গড়াবে এনসিএল। এখন আগে প্রিমিয়ার লিগ হবে। সদ্যই শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে লঙ্কানদের ঘূর্ণিজালে পড়ে ২০৯ রানে হেরে যায় মুমিনুল হকের দল।

বিসিবির ভাবনায় বরাবরই টেস্টের তুলনায় সীমিত ওভারের দুই ফরম্যাট বেশি গুরুত্ব পায়। ঘরোয়া ক্রিকেটেও তার ব্যতিক্রম নয়। ক্রিকেটারদের ভ্যাকসিন প্রয়োগের পর  এনসিএল দিয়ে শুরু হয় ঘরোয়া ক্রিকেট, যা এখন স্থগিত হয়ে আছে। অথচ ক্রিকেট ফের শুরুর প্রক্রিয়ায় প্রথমেই গুরুত্ব পেল প্রিমিয়ার লিগ। স্থগিত হওয়া লংগার ভার্সন ক্রিকেট গুরুত্বই পেল না। প্রিমিয়ার লিগ শেষ হলে জুলাইয়ে হতে পারে এনসিএল। তখন অবশ্য বৃষ্টি বড় হুমকি হয়ে দাঁড়াবে। তখন মাঠে গড়ালেও এনসিএল বাধাগ্রস্ত হবে আবহাওয়ার কারণে। জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজনের বড় সুযোগ এখন। কারণ পরে ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দল। তারকা ক্রিকেটারদের নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজন করতেই এনসিএলকে উপেক্ষা করা হয়েছে।