মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনেই টাঙ্গাইলের মির্জাপুরে গাদাগাদি করে ঈদের কেনাকাটা চলছে। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে হ্যান্ড সেনিটাইজারের কোনো ব্যবস্থা নেই। যে যার মতো পারছে কেনাকাটা করছে। বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোড, থানা রোড, কালিবাড়ী রোড, বংশাই রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, টেক্কা মার্কেট, তারাচাঁদ ম্যানশন, বাংলাদেশ শপিং কমেপ্লেক্সসহ বিভিন্ন মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা গেছে, কেনাকাটা করতে আসা অধিকাংশ লোকজনের মুখে মাক্স নেই। গাদাগাদি করে কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষ। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, স্বাস্থ্যবিধি পালন ও সরকারি নির্দেশনা মেনে দোকানপাট খোলা হচ্ছে কি না এবং ক্রেতারা মুখে মাক্স পরিধান করছেন কি না এ বিষয়ে মনিটরিং করা হচ্ছে। উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হাটবাজারগুলোতে মোবাইল কোর্ট বসিয়ে জরিমানাও করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।
সদরপুরে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারের শপিংমল ও মার্কেটগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ক্রেতাদের বেশির ভাগেরই মাস্ক পরার বালাই নেই। সদরপুর কাজী আনিসউদ্দিন সিটি মার্কেটের প্রবেশ পথে স্বয়ংক্রিয় জীবাণুনাশক স্প্রে সংবলিত কোনো চিত্র দেখা যায়নি। তবে প্রতিটি দোকানে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের ভিড় করতে দেখা যায়। উপজেলার আকোটের চর এলাকা থেকে আসা জান্নাতারা বলেন, মহামারি করোনা সংক্রমণের কারণে যে কোনো সময় সরকার লকডাউন দিয়ে মার্কেট বন্ধ করে দিতে পারে। তাই নিজের বাচ্চাদের ও আত্মীয়স্বজনদের জন্য তৈরি পোশাক ও কাপড়-চোপড় কেনাকাটা করে রাখছি।
