হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুরে ৪৫০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, রাত ১০টার দিকে অটোচার্জারে করে ইয়াবা পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ বাংলাহিলি বাজারে যায়। এ সময় একটি অটোচার্জারে তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবাসহ চালক আরিফ হোসেন মুন্না ও আকাশ হোসেনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে ইয়াবার মালিক স্থানীয় ধরন্দা গ্রামের ফিকির শেখের ছেলে কালু শেখের বলে পুলিশকে জানায়। পরে কালুকে রাতেই তার বাড়ি থেকে আটক করা হয়েছে। থানায় তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
