টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে বুধবার রাতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে বিজিবি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রাত পৌনে ১০টার দিকে ব্যাটালিয়নের ঊনছিপ্রাং বিওপির বিশেষ টহল দল লম্বাবিল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিন-চার জন নাফনদী অতিক্রম করে একটি ব্যাগ নিয়ে বেড়িবাঁধ দিয়ে আসার সময় বিজিবি জওয়ানেরা দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করেন। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবির দুই সদস্য আহত হন। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে। তখন পালিয়ে যাওয়ার সময় মো. আমির হোসেন ওরফে ডায়ালা ও মো. আজিজ উল্লাহকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও একটি বুলেটসহ আটক করা হয়। আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
