সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৪

 

 

কচুয়ায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া থানার পুলিশ সিআর মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল খায়েরকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় কচুয়া উপজেলার নূরপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই রাহাত সরকার পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার, রংপুর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর গুপ্তপাড়া ইনজয় সাইবার ক্যাফের পাশে ফটো জার্নালিস্ট কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও শ্রেষ্ঠ করদাতা এ কে এস মোজাম্মেল হক।

হারভেস্টার মেশিন পেলেন পাঁচ কৃষক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ধান কেটে দ্রুত ঘরে তোলার জন্য কম্বাইন হারভেস্টার মেশিন পেলেন ঈশ্বরদীর পাঁচ কৃষক। বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস থেকে চারটি এবং এর আগে আরো একটি মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি ছিলেন।

ময়লার স্টেশন সরানোর দাবি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়া পৌরসভার ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খোলা জায়গায় সরানোর দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সৈয়দগাঁও, বাগাপাড়া, ছেত্রাখালী, কোণাপাড়া ও লক্ষীয়া গ্রামবাসীর আয়োজনে সৈয়দগাঁও-ছেত্রাখালী সড়কের পাশে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিকে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ ডাম্পিং স্টেশনের নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে ঐ সভায় উপস্থিত হন।

চন্দনাইশে মাস্ক বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ সদস্যদের উদ্যোগে বৃহস্পতিবার মাস্ক বিতরণ করা হয়েছে। পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের নেতৃত্বে চার শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এ সময় পরিষদ সদস্য জামাল উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা আক্রান্তদের আর্থিক অনুদান

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা শ্যামনগরে করোনা আক্রান্ত ৩০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবু জার গিফারী প্রত্যেককে সাড়ে ৩ হাজার টাকার চেক দেন। এ সময় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সিনিয়র মত্স্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এতিম শিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র শিশু, কিশোর এবং নারীদের মধ্যে ঈদের উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়েছে। স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে-এর মৌলভীবাজার শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনে আনুষ্ঠানিকভাবে এসব কাপড় বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন।

অসহায়দের মধ্যে অর্থ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার ১২৩৮ জন অসহায় মানুষের মধ্যে ভিজিএফ-এর টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার টাকা বিতরণ উদ্বোধন করেন। উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।