ধামরাইয়ে হাইওয়ে পুলিশের অভিযান, থ্রি-হুইলার আটক

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১৭

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচল ও যাত্রী পরিবহন  নিশ্চিত করতে  ধামরাইয়ে  ঢাকা-আরিচা মহাসড়কে কঠোর অভিযান চালিয়েছে গোলড়া হাইওয়ে পুলিশ। গতকাল হাইওয়ে পুলিশের  অভিযানের কারণে ধামরাইয়ের কালামপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিমাংশ থ্রি-হুইলার ও যাত্রীবাহী অন্যান্য ছোট যানশূন্য হয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি থ্রি-হুইলার আটক করা হয়। যানবাহনের অভাবে যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হন। স্থানীয় কয়েক জন থ্রি-হুইলার চালক অভিযোগ তুলে বলেন, হাইওয়ে পুলিশের কারণে তারা মহাসড়কে উঠতে পারছেন না। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কে কালামপুর থেকে পূর্ব দিকে ইসলামপুর পর্যন্ত থ্রি-হুইলার ও অন্যান্য ছোট যানের ব্যাপক দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তাদের কর্ম এলাকা বারবাড়িয়া থেকে কালামপুর পর্যন্ত। খোঁজ নিয়ে জানা যায়, কালামপুর থেকে ইসলামপুর পর্যন্ত মহাসড়কের এই অংশ সাভার হাইওয়ে পুলিশের আওতাধীন। এলাকাবাসী ও যাত্রীসাধারণের অভিযোগ কালামপুর থেকে ইসলামপুর পর্যন্ত মহাসড়কের এই অংশ প্রতিদিন যানজট, অবৈধ যানবাহন চলাচল, খুন, ছিনতাইসহ নানা রকম অনিয়ম ও বিশৃঙ্খলার আখড়া এবং অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।