দেশব্যাপী অনলাইনে চলছে এসএমই পণ্য মেলা

আপডেট : ০৬ মে ২০২১, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

ঈদকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দেশব্যাপী চলছে অনলাইন আঞ্চলিক এসএমই পণ্য মেলা। গত ৩ মে থকে শুরু হওয়া মেলা চলবে মাসব্যাপী। ইতিমধ্যেই সোয়া ২০০ উদ্যোক্তা নিবন্ধন করে মেলায় পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফ্যাশন ডিজাইন, হস্তশিল্প পণ্য, হালকা প্রকৌশল শিল্প পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপর উদ্যোক্তারা বিশেষ ছাড়ও দিচ্ছেন। সরাসরি ভিডিও কলে ক্রেতা-বিক্রেতা পণ্যের মান যাচাই ও দর কষাকষির মাধ্যমে কেনাবেচা করতে পারছেন। অতীতেও এ ধরনের মেলা চলে আসছিল। তবে করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে এবং সরকারের নির্দেশনার আলোকে এসএমই ফাউন্ডেশন প্রথমবারের মতো সরকারের এটুআই প্রকল্পের ইকশপ-এর কারিগরি সহায়তায় অনলাইনে আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করেছে। মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা www.smemelabd.com ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন ও পণ্য আপলোড করতে পারবেন।