ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের পাঁচ কার্য দিবসের মধ্যে চার কার্য দিবসেই ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার।
গতকাল দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৬ পয়েন্টে উঠে এসেছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১২০টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার দিনে দাম কমার তালিকায় দাপট দেখিয়েছে বিমা খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৫০টি বিমা কোম্পানির মধ্যে ৪০টিই দরপতনের তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র সাতটির।
এদিকে মূল্যসূচক ও বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৭৫ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১০৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৫৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ন্যাশনাল ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যাকসন স্পিনিং এবং কন্টিনেন্টাল ইনসিওরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
