স্পোর্টস রিপোর্টার
করোনার প্রাদুর্ভাবে আইপিএল স্থগিত হওয়ার পর বিসিসিআই ঘোষণা দিয়েছিল নিজস্ব ব্যবস্থাপনায় সব দেশের ক্রিকেটারদের ফেরত পাঠাবে। তারপরও আইপিএলে খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানকেও নিয়ে ক্রিকেটপ্রেমীদের চিন্তার অন্ত ছিল না। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর সাকিব ছিলেন আহমেদাবাদে, সস্ত্রীক মুস্তাফিজ ছিলেন দিল্লিতে।
গতকাল বিকেলে চার্টার্ড বিমানে একসঙ্গে দেশে ফিরেছেন তারা। সুষ্ঠুভাবে ঢাকায় ফেরার পর আইপিএলে নিজেদের দল ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুস্তাফিজ। বিমানের অভ্যন্তরের ছবি ফেসবুকে পোস্ট করেছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এ বাঁহাতি পেসার। যেখানে দেখা গেছে, সামনে স্ত্রীকে নিয়ে বসে আছেন মুস্তাফিজ। পেছনের দিকে সিটে বসেন সাকিব।
ঢাকায় নেমেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের। সরকারের নিয়ম অনুযায়ী ভারত, দক্ষিণ আফ্রিকা ফেরত ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। গতকাল রাজধানীর ফোর পয়েন্টস শেরাটন হোটেলে উঠেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলা সাকিব। স্ত্রীসহ মুস্তাফিজ উঠেছেন হোটেল সোনারগাঁয়ে।
কোয়ারেন্টাইনের নিয়ম অনুযায়ী দুই ক্রিকেটারের ঈদুল ফিতরও কাটবে হোটেলে বন্দি থেকে। তবে আশার কথা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন তারা। সূচি অনুযায়ী বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। বাংলাদেশের প্রাথমিক দলেও আছেন সাকিব-মুস্তাফিজ।
