রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্ত কমিটি

আপডেট : ০৬ মে ২০২১, ২২:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবাহানের বিরুদ্ধে অনিয়ম খতিয়ে দেখতে ফের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

আগামী সাত কার্যদিবসের মধ্যে অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য উপাচার্যকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু উপাচার্য তার শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবার নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে অবৈধ ও বিধিবহির্ভূতভাবে জনবল নিয়োগ প্রদান করেছেন মর্মে মন্ত্রণালয় অবহিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যা অনভিপ্রেত। বিদায়ী উপাচার্য কর্তৃক অবৈধ জনবল নিয়োগের বৈধতা প্রাপ্তির সুযোগ নেই।

তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য যাওয়ার আগে অ্যাডহকে শতাধিক চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দিয়ে যান। উপাচার্য স্বাক্ষরিত ঐ নিয়োগ তালিকায় ৮৫ জন উচ্চমান সহকারী, ১১ শিক্ষক ও ইমামসহ বেশ কয়েক জন তৃতীয় শ্রেণির কর্মচারীসহ ৪৭ জনের নাম রয়েছে।