করোনা সংক্রমণ মোকাবিলায় জরুরি সহায়তার ভারতে রেমডেসিভির ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার কলকাতায় উপ-হাইকমিশনার তৌফিক হাসান ১০ হাজার রেমডেসিভির ভারত সরকারের প্রতিনিধির হাতে তুলে দেন।
ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই দেশটিতে নতুন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা উপচে পড়ছে। অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জামের সংকট তীব্র হয়ে দেখা দিয়েছে। এ অবস্থায় ভারতের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার দুই দেশের সীমান্ত বন্দর পেট্রাপোলে ভারতীয় কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তার প্রথম চালান হস্তান্তর করেন।
প্রথম চালানে অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ১০ হাজার ভায়াল রেমডিসিভির ইনজেকশন। এই ১০ হাজার ভায়াল রেমডিসিভির ইনজেকশন বাংলাদেশের বেসরকারি ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো দেশের জনগণের পক্ষ থেকে ভারতকে চিকিত্সা সরঞ্জাম সহায়তা হিসেবে দিয়েছে।
