আটকে গেল এনটিআরসির ৫৫ হাজার শিক্ষক নিয়োগ

আপডেট : ০৭ মে ২০২১, ০০:৩১

প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জারিকৃত তৃতীয় গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ইতিপূর্বে এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের আদালতের আদেশ অনুসারে নিয়োগে সাত দিনের মধ্যে সুপারিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এনটিআরসিএর চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন  মো. হানিফ (ফরহাদ) এবং এনটিআরসিএর পক্ষে মো. ফারুক হোসেন শুনানি করেন।

প্রসঙ্গত ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট শিক্ষক নিয়োগে এনটিআরসিএর প্রতি কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেয়। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের নিয়োগের জন্য সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। কিন্ত দীর্ঘ সময় পার হলেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। ঐ মামলার শুনানি নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ সদনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার জনকে দুই সপ্তাহের মধ্যে নিয়োগের জন্য সুপারিশ করতে গত ৮ মার্চ নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের ঐ আদেশ বাস্তবায়ন না করে প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ৩০ মার্চ আরেকটি গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে তা স্থগিতের আবেদন করেন রিটকারীরা।

ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ এ বিষয়ে ইত্তেফাককে বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১  থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী প্রায় ২ হাজার জনকে এক সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে আদালত। এ সময় পর্যন্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত থাকবে। ১৮ মে এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।