আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীরা সমাজ ও স্বাধীনতা বিরোধী -----আ ক ম মোজাম্মেল হক

আপডেট : ০৭ মে ২০২১, ০০:৪০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহিদ আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীরা এদেশের সমাজ ও স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যারা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে তাদের বিচারের রায় এখনো কার্যকর হয়নি। অবিলম্বে রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে। স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল  আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামীকাল ৭ মে প্রখ্যাত  শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদতবার্ষিকী। এ  উপলক্ষ্যে ‘সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীষর্ক স্মরণ সভায় বিশেষ  অতিথি হিসিবে অংশ বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, প্রবীণ সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া, বাসসের বাংলা বিভাগের প্রধান বার্তা সম্পাদক রুহুল গণি জ্যোতি, সাংবাদিক খান মোহাম্মদ সালেক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও নূরুল ইসলাম নূরু, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ মোহাম্মদ শহীদুল্লাহসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

শহিদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সংগঠনের সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান।