আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ভারত। বিরাট কোহলিকে অধিনায়ক করে ঘোষিত ২০ সদস্যের এই দলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় জায়গা পায়নি। তাদের মধ্যে অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, স্পিনার কুলদ্বীপ যাদব ও তরুণ প্রতিশ্রুতশীল ব্যাটসম্যান পৃথ্বি শ। আজ শুক্রবার (৭ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।
আগামী ১৮ থেকে ২২ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। ঘোষিত দলে চার জন স্ট্যান্ডবাই খেলোয়াড়ও রাখা হয়েছে। দলটিতে স্থান পেয়েছেন ইনজুরিতে থাকা লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহাও। তবে নির্ধারিত সময়ের আগেই তারা সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
তাছাড়া ফাইনাল শেষে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজেও এই দলটি খেলবে। আগামী ২ জুন দেশ ত্যাগ করবে ভারতীয়রা।
ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শুভাম গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা।
স্ট্যান্ডবাই: অভিমান্যু ঈশ্বর, আরজান নাগাশ্বলা, প্রাসিদ কৃষ্ণা ও আভেশ খান।
ইত্তেফাক/টিএ
