বিনোদন রিপোর্ট
ঈদ উপলক্ষে শোবিজের প্রায় তারকাই ঝুঁকি নিয়ে হলেও বেশ ব্যস্ত সময় পার করছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী ফারিয়া। ক’দিন আগেই তিনি বলেছিলেন নতুনদের সঙ্গে নিয়মিত কাজ করবেন। এবার সেই পথেই হাঁটছেন এই অভিনেত্রী। ‘সত্যি প্রেমের মিথ্যা গল্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। আর এই নাটকেই নবাগত সামছ চৌধুরীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। নির্মাতা মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করছেন রবিউল সিকদার। নাটকটি একটি সত্য প্রেমের গল্পে নির্মিত হচ্ছে। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
ফারিয়া বলেন, ‘আমি যেহেতু লাক্স চ্যানেল আই প্লাটফর্ম থেকে এসেছি, তাই শুরু থেকেই আমরা স্টার অভিনেতাদের বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে আসছি। কিন্তু এটা সত্যি নতুন যারা নাটকের নায়ক হিসেবে অভিনয় করতে আসেন, তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি তাদের সঙ্গে কাজ করার জন্যই কিছুদিন আগে আগ্রহ প্রকাশ করেছিলাম। এবার সেই কথাই রাখছি। নতুনদের সুযোগ না দিয়ে শিল্পী তৈরি হবে কী করে! এই নাটকটি বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। আশা করছি ঈদে বাড়তি বিনোদন জোগাবে এই নাটকটি। নাটকটিতে আমাদের অভিনয় প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস। এছাড়াও ঈদে আমার বেশ কয়েকটি নাটক বিভিন্ন মাধ্যমে প্রচারিত হবে।’
উল্লেখ্য, ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।
