বিনোদন রিপোর্ট
বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছেন। হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এরমধ্যে রয়েছে করণ জোহরের প্রযোজনা ও কলিন ডি’ কুনহার পরিচালনায় আলোচিত সিনেমা ‘দোস্তানা টু’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে নানা বাঁধা-বিপত্তি ও জল্পনা-কল্পনা চলছে। বেশ কিছুদিন ধরেই খবর চাউর হয়েছিল করণ জোহরের এ সিনেমাটি থেকে বাদ পড়ছেন কার্তিক আরিয়ান। যদিও সিনেমাটির কাজ ৬০ ভাগ এরইমধ্যে শেষ করেছেন নির্মাতা। তবে অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে করণ জোহর ঘোষণা করেছেন কার্তিককে বাদ দেওয়া হয়েছে এই সিনেমাটি থেকে। সিনেমাটির নায়িকা জাহ্নবি কাপুর ও অক্ষয় কুমারের অনুরোধে সিনেমাটিতে কার্তিককে কাস্ট করেন করণ। তারপরও তাকে কেন বাদ দেওয়া হলো এ নিয়ে এখন জোর আলোচনা চলছে বলিপাড়ায়। এ নিয়ে করণ জানিয়েছেন, অপেশাদারিত্বের কারণে সিনেমাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে কার্তিককে। এছাড়া জাহ্নবি কাপুরের সঙ্গে বন্ধুত্বের অবসান ঘটার কারণে শুটিং করতেও নাকি দ্বিধায় ভোগেন কার্তিক। এ কারণে সিনেমাটি থেকে জাহ্নবিকে সারিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। পাশাপাশি আরো বেশ কয়েকটি কারণের কথা জানিয়েছেন সিনেমাটির প্রযোজক। বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে কার্তিকের সঙ্গে জাহ্নবির প্রেমের চক্কর ছিল এক সময়। এছাড়া জাহ্নবির কথাতেই নাকি সিনেমাটিতে কার্তিক সুযোগ পেয়েছিলেন। এ প্রসঙ্গে জাহ্নবি কাপুর বলেন, ‘কার্তিকের সঙ্গে আমার প্রেম কখনোই ছিল না। হ্যাঁ, আমরা ভালো বন্ধু ছিলাম। আমি তাকে সিনেমায় সুযোগ দেওয়ার জন্য কেন অনুরোধ করবো। কার্তিককে পরিচালক-প্রযোজক যোগ্য মনে করেই কাস্ট করেছিলেন। এখন তারা কাকে রাখবেন, না রাখবেন সেটা তাদের বিষয়। আমি সিনেমাটির একজন অভিনেত্রী। এই বিষয়ে কথা বলার চেয়ে আমার উচিত হবে নিজের কাজটি মনোযোগ দিয়ে করা।’
উল্লেখ্য, করোনার কারণে আপাতত শুটিং বন্ধ থাকা এই সিনেমাটিতে প্রযোজক-পরিচালক কার্তিকের জায়গা অক্ষয় কুমার, রাজকুমার রাও, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের মধ্যে কাউকে নেওয়ার কথা ভাবছেন। ২০০৮ সালের বক্স অফিস হিট করা সিনেমা ‘দোস্তানা’র সিক্যুয়েল হতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্ছন, প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহামের মতো তারকারা। এখন দেখার বিষয় এত নাটকীতার এই সিনেমাটি কতটা সফলতার মুখ দেখে।
