পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধে ইসরাইলকে অনুরোধ ইউরোপের

আপডেট : ০৭ মে ২০২১, ২২:০৫

ইউরোপের পাঁচটি ক্ষমতাধর দেশ ইসরাইলকে পশ্চিমতীরে নতুন করে বসতি নির্মাণ না করতে অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য এ অনুরোধ জানায়। খবর আলজাজিরার

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরাইল সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণের পথে না যায়। কেননা এটি হতে থাকলে ফিলিস্তিনিদের ভবিষ্যত্ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই দখলকৃত পশ্চিম তীরের হার হোমা ই অঞ্চলে ৫৪০টি নতুন বসতি নির্মাণ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই অনুরোধ এমন এক সময় এল যখন ইসরাইলি আদালতের সমর্থনে ইহুদি বসতি স্থাপনকারীরা শেখ জাররাহ থেকে কিছু ফিলিস্তিনি পরিবারকে বাস্তুচ্যুত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউরোপীয় দেশগুলোর বিবৃতিতে আরো বলা হয়, ইহুদি বসতি সম্প্রসারণ নীতি বন্ধ না হলে একটি প্রকৃত ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরো ক্ষতিগ্রস্ত হবে।’ ইসরাইল-ফিলিস্তিনি সংকটের মূল কেন্দ্র হলো ইহুদি, ইসলাম ও খ্রিষ্টান ধর্মের পবিত্র স্থান জেরুজালেম। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে নেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করে, তাদের ভবিষ্যত্ রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। বিশ্বের অনেক দেশই মনে করে পশ্চিম তীরসহ অন্যান্য অঞ্চলে ইসরাইল যে বসতি স্থাপন করেছে তা অবৈধ।