স্পোর্টস রিপোর্টার
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগ শুরু করেছিল বাংলাদেশ দল। পরেই নিউজিল্যান্ড সফরে সমান সংখ্যক ওয়ানডে হেরেছিল তামিম বাহিনী। একদিনের ক্রিকেটে আবারও জয়ের রথে ফেরার সুযোগ এখন বাংলাদেশের সামনে। চলতি মাসেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। কদিন আগে টেস্টে হেরে আসলেও ওয়ানডেতে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জিততে চায় বাংলাদেশ।
পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন গতকাল বলেছেন, সিরিজ জেতার টার্গেটেই খেলবে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের হিসেবে পূর্ণ পয়েন্টই হোম সিরিজ থেকে তুলে নিতে চান তিনি। সুপার লিগে ৬ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৩০ পয়েন্ট। তালিকার ছয় নম্বরে আছে তামিম ইকবালের দল। হোম সিরিজের জন্য গত ২ মে থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন প্রাথমিক দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটাররা গতকালও অনুশীলনে যোগ দেননি। জানা গেছে, অনুশীলনে নামবেন তামিমরা।
নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। গতকাল সাইফউদ্দিন বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। হোয়াইটওয়াশ হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য।’
রোজা রেখেও প্রতিদিন দুপুরের পর অনুশীলন করছেন মাহমুদউল্লাহ-ইমরুল কায়েসরা। ওয়ানডে সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্টই তুলে নিতে চান সাইফউদ্দিন। গতকাল এ তরুণ অলরাউন্ডার বলেছেন, ‘ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেও টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে আসছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ। যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য।’ নিউজিল্যান্ডে একটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলেছিলেন সাইফউদ্দিন, উইকেট পেয়েছেন একটি। নিজের প্রত্যাশাও পূরণ হয়নি তার। হোম সিরিজেই তাই বল হাতে সেরাটা দিতে মুখিয়ে ২৪ বছর বয়সি এ অলরাউন্ডার।
গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই একটা দলের প্রথম ১০ ওভারের সিনারি ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। আমাদের বোলারদের অনেক বড় দায়িত্ব থাকে নতুন বলে উইকেট বের করে দেওয়া, ইকোনমিকাল বোলিং করা, ওদের টপ অর্ডারের একটা-দুইটা উইকেট নেওয়া, যেটা আমরা সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হয়েছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু চেনা কন্ডিশন, ঘরের মাঠে মিরপুরে প্র্যাকটিস করছি, যাতে বোলাররা আরো দায়িত্ব নিয়ে খেলতে পারে।’
