স্পোর্টস রিপোর্টার
আইপিএল স্থগিত হওয়ার পর কেন উইলিয়ামসনসহ নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার ভারত থেকেই ইংল্যান্ডে যাচ্ছেন। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার একসঙ্গে উড়াল দিবেন উইলিয়ামসন, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও ফিজিও টমি সিমসেক।
তবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ট্রেন্ট বোল্ট ভারত থেকে সরাসরি নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন। ইংল্যান্ড সফরে খেলবেন না তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিচ্ছেন তিনি। দেশে ফিরে কোয়ারেন্টাইন শেষে মুক্ত হবেন বাঁহাতি এ পেসার।
আইপিএল চললে ইংল্যান্ডে দুই টেস্ট খেলার কথাও ছিল না বোল্টের। আইপিএল স্থগিত হওয়ায় সুযোগ তৈরি হয়েছে, কিন্তু বোল্ট ছুটি কাটাতে চান। দ্বিপাক্ষিক সিরিজটা না খেললেও ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের একাদশে দেখা যাবে তাকে। সাউদাম্পটনে আগামী ১৮ জুন শুরু হবে ফাইনাল।
বোল্টের সঙ্গে দেশে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের ট্রেনার ক্রিস ডোনাল্ডসন। দুই জনই ছুটি পেয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে। বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ সম্পর্কে বলেছেন, ‘যুক্তরাজ্যে যাওয়ার আগে ক্রিস ও ট্রেন্ট পরিবারকে সময় দেওয়ার যে সুযোগ নিচ্ছে, আমরা তাতে পূর্ণ সমর্থন দিচ্ছি। তারা সবসময়ই দারুণ পেশাদার এবং তাদের জন্য এ ব্যবস্থা করতে পেরে আমরা অনেক বেশি খুশি।’
গতকালই চার্টার্ড ফ্লাইটে বোল্টদের সঙ্গে রওনা হওয়ার কথা আইপিএলে নানা ভূমিকায় কাজ করা ব্রেন্ডন ম্যাককালাম, স্টিভেন ফ্লেমিং, কাইল মিলস, টিম সাইফার্ট, মাইক হেসন, শেন বন্ড, অ্যাডাম মিলনে, স্কট কুগেলাইন।
