ঝুঁকির মধ্যেই জমে উঠেছে ঈদবাজার

আপডেট : ০৭ মে ২০২১, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মার্কেটে মার্কেটে বাড়ছে ভিড়। করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে কেনাকাটা করছে মানুষ। বাহারি পোশাকের বিক্রিও বাড়ছে দিন দিন। তবে গরমের অজুহাতে অনেকেই মাস্ক পরছেন না। পরলেও ঠিক জায়গায় রাখেন না। তাদের দাবি, বেশি ক্ষণ মাস্ক পরে থাকলে দম বন্ধের উপক্রম হচ্ছে। আর ক্রেতারা বলছেন, গরমের সমস্যায় নামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন মাস্ক। এদিকে অনেক মার্কেটে জীবাণুনাশক বুথ করা হলেও অনেকেই তার মধ্য দিয়ে প্রবেশ করছেন না। আবার কোথাও কোথাও প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখা হলেও সেভাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে না ক্রেতাদের। শরীরের তাপমাত্রাও মাপতে দেখা যাচ্ছে না অধিকাংশ মার্কেট, শো-রুমগুলোতে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সরজমিনে, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সুপার মার্কেট, মৌচাক মার্কেট, সুবাস্তু নজরভ্যালিসহ বেশ কয়েকটি মার্কেট ও শো-রুমে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম দোকান সংশ্লিষ্টদের।

ঝুঁঁকি নিয়ে কেনাকাটা করতে আসা রায়হান আহমেদ নামে এক ক্রেতা বলেন, ‘প্রতিটি দোকানে ভিড়, যে কারণে কারো পক্ষেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। ঈদে নিজেদের জন্য না হলেও বাচ্চাদের জন্য নতুন জামা-কাপড় কিনতে হবে। তাই ঝুঁকি নিয়েও বাজারে এসেছি।’ দোকান মালিকরা বলেন, ‘আমরা যতটুকু সম্ভব স্বাস্থবিধি মেনে চলছি। তবে ক্রেতাদের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে অনুরোধ করলেও তারা শুনছেন না। বলতে গেলে বরং বিপরীত ফল হয়। এতে বেচাবিক্রির ওপর প্রভাব পড়ে। তাই এখন কিছু বলতেও পারছি না।’ এদিকে মার্কেটের পাশাপাশি  ভিড় বেড়েছে ফুটপাতের দোকানেও। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার প্রধান পছন্দ হয়ে উঠেছে ফুটপাতের দোকান ।