নির্দিষ্ট সময়ে নির্মাণকাজ শেষ না হওয়ায় চুক্তি বাতিল

আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৮

রাণীনগর-কালীগঞ্জ সড়ক

আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগর-আবাদপুকুর হয়ে কালীগঞ্জ যাওয়ার সড়ক সংস্কারকাজের চুক্তি বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। নওগাঁর রাণীনগর হয়ে কালীগঞ্জ যাওয়ার ২২ কিলোমিটার সড়কের প্রশস্ত ও নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র বাতিল করা হয়েছে। গত সোমবার নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তিপত্র বাতিল করে প্রায় ৪ কোটি টাকা জরিমানা করেছে ঐ প্রতিষ্ঠানকে। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, নওগাঁর জনগুরুত্বপূর্ণ রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ ২২ কিলোমিটার সড়কটির প্রশস্ত এবং মজবুত পাকাকরণের জন্য ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয়। ২২ কিলোমিটার রাস্তায় ২৬টি কালভার্ট ও চারটি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয় ১০৫ কোটি টাকা। এই কাজের সময় দেওয়া হয় ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে কয়েকটি কালভার্ট ও সেতুর কাজ এখনো সম্পন্ন করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, গাফিলতি ও অবহেলার কারণে বর্তমানে এই সড়কের বেহাল অবস্থা। কোথাও পাথর আবার কোথাও ইটের খোয়া দিয়ে রাখা হয়েছে। সঠিকভাবে কাজ না করায় সড়কের অধিকাংশ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘একাধিকবার সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করার পরও তারা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারাসহ বিভিন্ন কারণে ঐ প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তিপত্র বাতিল করা হয়েছে। দ্রুত অফিসিয়াল প্রসেস শেষ করে এই কাজের জন্য আবার নতুন করে দরপত্র আহ্বান করা হবে। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তিপত্র সম্পন্ন হলে কাজ শুরু করা হবে। এতে দুর্ভোগের মেয়াদ আরো কিছুটা বৃদ্ধি পেলেও, আমরা চেষ্টা করব যত দ্রুত এসব প্রক্রিয়া সম্পন্ন করা যায়। আমি আশা করি সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে চলতি বছরের শেষের দিকে এই সড়কের সব কাজ সম্পন্ন হয়ে যাবে।’