কসবায় যানজটে মানুষের ভোগান্তি!

আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৯

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবায় পৌর সদরের মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক সেতুর দুই পাশে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে যাত্রী ও চালকসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।  সরজমিনে দেখা গেছে, কসবা সুপার মার্কেট চৌমুহনী থেকে কসবা নতুন বাজার টি.আলী কলেজ পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার এলাকায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। সিএনজিচালক আবদুর রহিম জানান, উপজেলা প্রশাসন ও পৌরসভা থেকে ট্রাফিক ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত এখানে যানজট লেগেই থাকে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারী আবদুল কুদ্দুছ জানান, কসবা সুপার মার্কেট এলাকায় আওয়ামী লীগের তিনটি কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের মোটরসাইকেল রাখা, সিএনজি স্ট্যান্ড, পিকআপ স্ট্যান্ড ও ফলের দোকান বসার ফলে প্রতিনিয়ত যানজট লেগে আছে। কসবা থানার ওসি মো. আলমগীর ভুঁইয়া বলেন, যানজট নিরসনে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে। কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল বলেন, যানজট নিরসনে রাস্তার ওপর থাকা সিএনজি স্ট্যান্ড অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে। সিএনজি স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিলে যানজট অনেকটা কমে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান, সহসাই একজন এসআইয়ের একদল পুলিশ যানজট নিরসনে কাজ করবে। সিএনজি স্ট্যান্ড ও ফুটপাতের দোকানগুলো অন্যত্র সরানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ হলে আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।