ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া ও বইলর বাঁশকুঁড়ি গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে ২৮০ ফুট কংক্রিটের সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন চেষ্টা করেও সরকারি অর্থায়নে সেতু নির্মাণে কোনো সহায়তা না পেয়ে গ্রামবাসী উদ্যোগ নিয়ে ২০১৯ সালের প্রথম দিকে সেতুটির নির্মাণকাজ শুরু করে। সম্প্রতি সেতুর কাজ শেষ হয়েছে। সেতু নির্মাণের অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম, চাঁন মিয়া, মনিরুল হক খান জানান, এখনো নুড়ি পাথর দিয়ে সেতুর ওপরের অংশে ঢালাই ও রঙের কাজ বাকি আছে। এতে ব্যয় হবে আরো আনুমানিক ৪ লাখ টাকা।
