চীনা কোম্পানির কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩০

কুমিল্লা ইপিজেড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ইপিজেডের একটি চাইনিজ কোম্পানির সিনিয়র এইচআর (ঊর্ধ্বতন মানবসম্পদ কর্মকর্তা) খায়রুল বাশার সুমন হত্যামামলার এজাহার নামীয় প্রধান আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি টিম নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামি মহিউদ্দিন নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত আবদুল হকের ছেলে। শুক্রবার দুপুরে র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত মহিউদ্দিন র্যাবের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানিয়েছে, কুমিল্লা ইপিজেডের সিং সাং সু নামে চাইনিজ কোম্পানি থেকে তার কয়েক সহযোগী চাকরিচ্যুত হওয়ার রেশ ধরে পরিকল্পিতভাবে কোম্পানির সিনিয়র এইচআর খায়রুল বাশার সুমনকে তারা হত্যা করে। কিলিং মিশনে তাদের কিশোর গ্যাংয়ের সাত/আট জন অংশ নেয়। গত ৩০ এপ্রিল মহিউদ্দিন প্রথমে খায়রুল বাশার সুমনকে ছুরিকাঘাত করে। পরে তার সহযোগীরাও ছুরিকাঘাত ও পিটিয়ে মৃত্যু অনেকটা নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন নিহতের ভাই খায়রুল এনাম বাদী হয়ে মহিউদ্দিন ও রাফিসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। থানাপুলিশের পর গত বৃহস্পতিবার থেকে মামলাটি তদন্ত করছে জেলা ডিবি।