আটক ১
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
গুরুদাসপুরে নিখোঁজ শিশু মহিবুল্লাহর (৭) গলাকাটা লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সাবগাড়ী গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশ উদ্ধার করা হয়। শুক্রবার হত্যকাণ্ডে জড়িত সন্দেহে সাবগাড়ী গ্রামের মন্টুর ছেলে মো. নয়নকে (১২) রক্তমাখা ছুরি ও একটি মোবাইল ফোনসহ আটক করেছে পুলিশ। মহিবুল্লাহ সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামের পল্লি চিকিত্সক ইসাহক আলীর ছেলে। শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকালে মহিবুল্লাহ একটি স্মার্ট মোবাইল ফোন হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর এলাকায় মাইকিংও করা হয়। তাতেও খোঁজ মেলেনি। শিশুর নানা দেরাজ মোল্লা জানান, নাতি মুহিবুল্লাহকে না পেয়ে তারা পাগলপ্রায় হয়ে আশপাশের ফসলের খেতে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির আধা কিলোমিটার দূরের একটি ভুট্টাখেতে রক্তমাখা বস্তা পরে থাকতে দেখেন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, ঐ শিশুর নানার পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের কারণ খুঁজতে পুলিশ ব্যাপকভাবে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের কারণ বলা যাবে।
