ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ভাদালীডাঙ্গা গ্রামের বাড়িতে আগুন লেগে পুড়ে তানিশা নামের সাত মাসের এক শিশু মেয়ে মারা গেছে। এছাড়াও অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়েছে তিনটি ঘর। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ ফায়ার ব্রিগেড অফিসের সাব অফিসার মো. আব্দুর রউফ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঐ গ্রামের দিনমজুর ইব্রাহীমের বাড়িতে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরে। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ থেকে ফায়ার ব্রিগেড গিয়ে আগুন নেভাতে সাহায্য করে। ততক্ষণে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুমে থাকা সাত মাসের কন্যা শিশু তানিশা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
