সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩৩

উন্মুক্ত লটারিতে কৃষক নির্বাচন

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কনফারেন্স হলরুমে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২ হাজার ১৬১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

শিবগঞ্জে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জের মনাকষাতে ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ (আর্থিক) সহায়তা কর্মসূচি শুক্রবার উদ্বোধন করা হয়েছে। মনাকষা হুমায়ূন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে টাকা বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রীর সাহায্যের চেক বিতরণ

চাঁদপুর প্রতিনিধি করোনার কারণে চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া শিল্পী ও সাহিত্যিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ  চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

আয়ানগঞ্জ বাজারের রাস্তার কাজ উদ্বোধন

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে উপজেলার হাদল ইউনিয়নের প্রত্যন্ত নিম্ন এলাকা আয়ানগঞ্জ বাজারের রাস্তার কাজ শুক্রবার উদ্বোধন হয়েছে। কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন। অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাসার ও স্থানীয় বাদাল উচ্চবিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সর্দার বলেন, প্রায় ৩০ বছর ধরে আমরা এলাকাবাসী ছয় জন এমপি ও উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ রাস্তাটি হেরিংবন্ড করার আবেদন করে আসছি। অবশেষে বর্তমান এমপি মকবুল হোসেন রাস্তার কাজ করে দিলেন। এজন্য তাকে ধন্যবাদ। 

বিভিন্ন স্থানে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ

ইত্তেফাক ডেস্ক বিভিন্ন স্থানে শুক্রবার ঈদ উপহার, নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ, অসয়হায় কর্মহীন দলীয় কর্মীদের মধ্যে ঈদ উপলক্ষ্যে নগদ টাকা বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরী।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় ১ হাজার মানুষকে খাদ্য সহায়তা এবং ঈদসামগ্রী বিতরণ করেছেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগ নেতা খন্দকার মঞ্জুরুল হক লাবলু। উপজেলার আইকদিয়া গ্রামের খন্দকার বাড়িতে অসহায়দের হাতে খাদ্য ও ঈদ সহায়তা তুলে দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া এবং উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়া পৌরসভার ৫ হাজার পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জে করোনার কারণে কর্মহীন ২ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ টাকা, খাদ্যসামগ্রী এবং শাড়ি-লুঙ্গী বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক সিকদার। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ।

 

০