কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩৯

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের জুগিয়া পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ছামেদ মণ্ডলের ছেলে সাদেক বাচ্চু (৪০) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে মানিক (৩০)।

পুলিশ জানায়,  সকাল সাড়ে ৮টার দিকে জুগিয়া পালপাড়ার একটি বাড়িতে কয়েক মাস আগে নির্মিত সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য নির্মাণশ্রমিক মানিক প্রথমে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া-শব্দ না পেয়ে অপর শ্রমিক সাদেক বাচ্চু ট্যাংকের ভিতরে যান এবং তিনিও অচেতন হয়ে সেপটিক ট্যাংকের ভেতরে আটকা পড়েন। এ সময় বাড়ির মালিক আমিরুল ইসলাম স্থানীয়দের সহয়তায় মানিক ও বাচ্চুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক দুজনকেই মৃত ঘোষণা করেন। বিষাক্ত গ্যাসের কারণে ঐ দুই শ্রমিকের মৃত্যু হতে পারে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক জানান। 

কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেপটিক ট্যাংকে বিষাক্ত মিথেন গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রকৃত কারণ জানা যাবে।