উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম মালয়েশিয়ার সন্ত্রাসী বাহিনীর হামলায় শুক্রবার দুপুরে একই ইউনিয়নের মেম্বার প্রার্থী জুবায়ের হোসেন (৪৬) নিহত হয়েছে বলে জানা গেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় জুবায়ের পুত্র মেহেদি হাসান জীবন, মো. ইরাক, আজগর হোসেন রাজু ও জিহাদ উদ্দিন গুরুতর আহত হন। নিহত জুবায়ের একই এলাকার মৃত আবু তাহেরের পুত্র এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে বলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের চাল বিলি করছিলেন চেয়ারম্যান মালয়েশিয়া ও তার লোকজন। এ সময় জোবায়েরসহ যুবলীগের একটি পক্ষ চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাধা দিতে গেলে চেয়ারম্যানের অনুসারীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনায় একদল সন্ত্রাসী অতর্কিত জুবায়েরের দোকানে হামলা চালায় এবং তাকেসহ অন্যদেরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক জোবায়েরকে মৃত ঘোষণা করেন ।
উল্লেখ্য, নিহত জুবায়ের সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক জন মেম্বার পদপ্রার্থী এবং ঐ ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের এক জন সক্রিয় কর্মী ছিল ।
