রাজনৈতিক ফায়দা লোটাই ছিল হেফাজতের মূল উদ্দেশ্য :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২১, ২৩:০০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হেফাজতে ইসলামের তাণ্ডবের সমালোচনা করে বলেছেন, এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা কোনো ধর্মের উদ্দেশ্য নয়। অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের  সিরাজদিখানের মধুপুরে হেফাজতে ইসলামের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ম কোনো দিন সহিংসতা করে না, ইসলাম হলো শান্তির  ধর্ম। আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই জড়িত রয়েছেন, তাদের আইনে সোপর্দ করবই। এ নৃশংসতায় যাদের নামে মামলা হয়েছে কিংবা হয় নাই, তদন্ত করে সবাইকেই আইনের আওতায় আনা হবে। নিষ্ঠুরতা, নৃশংসতা আর বর্বরতা সহ্য করা হবে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা পিআইবি আনোয়ারুল হক, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবিরের বাড়িসহ ঐ ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে  হেফাজতের কর্মীরা।