ফেনীতে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২১, ২৩:০০

ফেনীতে বাড়ির ছাদ থেকে তানিসা ইসলাম (১১) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে আটক করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত নিশানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। নিহত কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও সৌদি প্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে। তারা দুই বোন এক ভাই।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর শুনে ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, মাদ্রাসাছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের জেঠাতো ভাই নিশানকে গ্রেফতার করা হয়েছে। নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাত ও রশি প্যাঁচানো ছিল। এ ঘটনায় তানিসার ভাই আশরাফুল ইসলাম হাসনাত বাদী হয়ে মামলা দায়ের করেছেন।