ঢাবি লোগো বিকৃতির প্রতিবাদে ছাত্রলীগ নেতাদের মানববন্ধন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃতিকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অস্তিত্ব, আবেগ ভালোবাসার জায়গা। এই জায়গায় কেউ আঘাত করলে আমাদের অস্তিত্বে লাগে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃত করে তারা বিকৃত মস্তিষ্কের লোক। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে এমন ন্যক্কারজনক কাজ করতে কেউ সাহস না পায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা  ইলিয়াস উদ্দিন, মাজহার শামীম, জয়নাল আবেদীন, আরাফাত, মোস্তফা, তাহসান আহমেদ রাসেল, শেখ আব্দুল্লাহ, আল আমিন বোরহান উদ্দিন, মুকুল। এছাড়া কিছু সাধারণ শিক্ষার্থী।

বিষয়টি অবহিত করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা লিখিত বক্তব্য পেলে অবশ্যই বিবেচনা করব। আর যারা লোগো বিকৃতি করছে তাদের কাছে জিজ্ঞাসা করব তারা কেন এটি করছে। এটি তো ঠিক না।

আরো পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে খুন করতে ট্রাম্পের নির্দেশ!

প্রসঙ্গত, গত সোমবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক নবীন সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না। ১০ টাকায় এক কাপ চা, একটি শিঙ্গাড়া, একটি চপ এবং একটি সমুচা। এটা পাওয়া যায়  বাংলাদেশে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে গিনেজ বুকে রেকর্ড হবে।

তিনি আরো বলেন, গরম পানিও তো রাস্তায় ১০ টাকায় পাওয়া যাবে না। এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব এটি আমাদের ঐতিহ্য। 

ভিসির এই বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে শিঙ্গাড়া, চা ও চপ জুড়ে দেয়। পরে এটার পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্ক শুরু হয়।

ইত্তেফাক/জেডএইচ