শিবচরে নৌ-দুর্ঘটনা

স্পিডবোট চালক মাদকাসক্ত ছিল

আপডেট : ০৮ মে ২০২১, ০০:২৭

মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ঘাটে দুর্ঘটনার শিকার সেই স্পিডবোটটির চালক মো. শাহ আলম (৩৮) ইয়াবা ও গাঁজায় আসক্ত ছিল। শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের ডোপ টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শশাংক চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। মো. শাহ আলম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভাতা ঈদগাহপুর এলাকার আবুল কালামের ছেলে।

গত সোমবার বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উলটে মারা যান ২৬ জন যাত্রী। আহত হন স্পিডবোটের চালকসহ পাঁচ জন। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরে অবৈধ স্পিডবোটের চালক মো. শাহ আলমকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রশাসনের নির্দেশনায় তার ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখা হয়। পরে আহত শাহ আলমকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ডোপ টেস্টে সিপডবোট চালকের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাত্ সে মাদকাসক্ত ছিল। টেস্টের রিপোর্ট অনুযায়ী সে এমফিটামিন (ইয়াবা) ও মারিজুয়ানা (গাঁজা) সেবনে আসক্ত। ডোপ টেস্টের রিপোর্ট প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, দুর্ঘটনার আগে চালক মাদকসেবন করে। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ডোপ টেস্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। কোনো মাদকাসক্ত স্পিডবোটচালক যেন আর না থাকতে পারে, সেটি এখন থেকে দেখা হবে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো নৌযান চলতে দেওয়া হবে না।