খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

আপডেট : ০৮ মে ২০২১, ০০:২৯

রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় ক্রেনের ধাক্কায় এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ শিহাব (২২)। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নাঈম বলেন, সকাল ৯টার দিকে তিনিসহ চার জন কাওলা থেকে একটি ইঞ্জিনচালিত অটোরিকশাতে ৩০০ ফিট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের জন্য যাচ্ছিলেন। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন অটোরিকশায় ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

তিনি জানান, শিহাব বিমানবন্দরের পাশে কাওলা এলাকায় থাকতেন। তার পিতার নাম মো. মজিবর। শিহাব দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়।