আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৭ মে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতি স্থায়ীকরণের জন্য তাত্পর্যপূর্ণ। গতকাল শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রূপনগর মডেল স্কুল প্রাঙ্গণে ১ হাজার পরিবারকে করোনাকালীন বস্ত্র ও খাবার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আজকের দিনটি বাঙালি জাতির কাছে তাত্পর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিত্সা শেষে দেশে ফিরতে চাইলে এ দিন তত্ত্বাবধায়ক সরকার নামধারী সামরিক সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকন্যাকে গুলি করে হত্যার হুমকি, গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছিল। ১৪ বছর আগের এদিনটি তাই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাত্পর্যপূর্ণ। তিনি বলেন, সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত, আমরাও তার বাইরে নই। যারা দিন আনে দিন খায় বর্তমান সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগও দলীয়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল হাই হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
