জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিটের উদ্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিত্সাসেবা, অসামরিক সদস্যদের ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমান বাহিনীর কুর্মিটোলা বঙ্গবন্ধু ঘাঁটি কর্তৃক ৪০ জন এতিম ও দুস্থ শিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পাজামা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঘাঁটি কর্তৃক আরো ১৬০ প্যাকেট ঈদ উপহার ও খাদ্যসামগ্রী চারটি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও, বিমান বাহিনীর যশোরের ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক ছয়টি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পাজামা, টুপি ও থ্রি-পিসসহ এক দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনাকালীন অসামরিক জনগণকে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে কোভিড-১৯ এর প্রাথমিক উপসর্গ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র এবং বিশেষ মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিত্সাসেবা প্রদান অব্যাহত রয়েছে। —আইএসপিআর
