আমরা একে অপরের অত্যন্ত আপন

আপডেট : ০৮ মে ২০২১, ০০:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জি। বাংলাদেশ সরকারপ্রধানের অভিনন্দন বার্তা পেয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার পালটা চিঠি দেন মমতা। চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে মমতা বলেন, আপনার শুভেচ্ছা বার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্র্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।

মমতা বলেন, গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও আরো অনেক কাজ আমরা করব। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেব—এই আমাদের অঙ্গীকার। তিনি বলেন, দুই বাংলার মধ্যে ভৌগোলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আপনাকে (শেখ হাসিনা), রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হূদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উল্লেখ্য, এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বুধবার এক বার্তায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিঠিতে মমতা লিখেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।