ঈদ সামনে রেখে পাকিস্তানে আংশিক লকডাউন জারি

আপডেট : ০৮ মে ২০২১, ২০:৫৮

মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ রোধে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনসমাগম এড়াতে আট দিনের আংশিক লকডাউন জারি করেছে পাকিস্তান। আজ শনিবার (৮ মে) থেকে শুরু হওয়া এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে। এ খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী, দর্শনীয় স্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে পুরো পাকিস্তান জুড়ে ভ্রমণ সীমাবদ্ধ থাকবে। নিত্যপণ্যের দোকানপাট ছাড়া বাকি সকল কিছু বন্ধ থাকবে।

পাকিস্তানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ বাড়ছে। গত একদিনের ব্যবধানে দেশটি নতুন করে রেকর্ড ৪ হাজার ১০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সংক্রমণের এ সংখ্যাটা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কেবল গত এপ্রিল মাসে পাকিস্তানে এক লাখ ৪০ হাজার জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন প্রায় ৩ হাজার জন।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান বলেন, এই সপ্তাহে ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সাথে একত্রিত হবে মানুষজন। এর মধ্য দিয়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ইত্তেফাক/টিএ