বিছানায় আমি আর আমার স্বামী পাশাপাশি শুয়ে একটু গল্প করার অভ্যেস কত কালের, মনে নেই আমার। আজকাল আমার আগেই ঘুমিয়ে পড়ে স্বামীটা। কথার মাঝখানে চোখ বুজে ফেলতেই টের পাই, গাঢ় হয়ে গেছে নিশ্বাস। খুব মায়া লাগে। আস্তে তার পিঠের উপর আমার হাতখানা এলিয়ে দিয়ে আমার জন্যও ঘুমকে ডেকে আনি। বয়সি শরীরে অভ্যস্ত ঘুম আসতে দেরি হয় না। ঘুমিয়ে পড়ি আমিও।
এই অভ্যেস কত কালের, মনে নেই আমাদের।
আজকাল জেগে উঠতে হয়রান হই। কখনো কখনো আমি যদি আগে জাগি, পিঠের উপর থেকে হাত সরিয়ে তার বুকে রাখি। আস্তে করে ডাকি, যাতে সে জেগে ওঠে আর প্রথমেই দেখে নেয় আমার মুখ। কখনো কখনো যদি সে আগে জাগে, আমাকে বুকে টেনে নিয়ে কিছু না বলেই জাগিয়ে দেয়। বড় অভ্যস্ত এই জেগে ওঠা, আমার এবং আমাদের।
আজকাল বিছানায় বড্ডো বালি। টের পাও?
এই কথা বলেছিল বলে সেই থেকে বিছানা না ঝেড়ে বালিশ বিছাই না। বালিরা উড়ে উড়ে ছড়িয়ে পড়ে। কখনো কখনো টের পাই, মুখের ভেতরটা বড্ডো কচকচ করছে। পানি কুলকুচি করার তৃষ্ণা জাগে, ঘুমের ভেতরেই। গলা শুকিয়ে কাঠ হয়। মুখভর্তি বালি নিয়ে কাশি খকখক! ভাল্লাগে এমন?
বিছানার বালি বেড়ে যাচ্ছে। আমি ঝাড়ি। আমার স্বামীও ঝাড়ে। বালি ওড়ে। আগের চেয়ে বেশি। বড্ডো বেশি। বালি এড়াতে আমরা বিছানায় পানি পর্যন্ত ঢেলেছি। শেষে বাথটাবে শয্যা বিছাই। পানিতে শরীর ডুবিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ছি নতুন অভ্যেসে।
সকালে টিভিতে দেখাচ্ছিল, জোয়ারে ভেসে আসা মরা তিমি পড়ে আছে বালিতে।
পরের দিন সকালে টিভিতেই দেখাল, জোয়ারে ভেসে এসেছে আরেকটা মরা তিমি। পড়ে আছে বালিতে।
