রপ্তানি বাড়াতে ১৯ পণ্য নিয়ে কাজ করছে সরকার

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৪৩

আইসিএবির ওয়েবিনারে বাণিজ্যমন্ত্রী

 ইত্তেফাক রিপোর্ট

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের রপ্তানি পণ্য সংখ্যা ও বাজার সম্প্রসারণের বিকল্প নেই। শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর করে থাকলে চলবে না। তাই দেশের সম্ভাবনাময় ১৯টি রপ্তানি পণ্যকে টার্গেট করে সরকার কাজ করছে। রপ্তানি পণ্যকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রতি বছর একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্যকে ‘প্রোডাক্ট অফ দি ইয়ার’ ঘোষণা করেন। বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ইসিফোরজে নামে একটি প্রকল্পের মাধ্যমে লেদার গুডস, প্লাস্টিক, ইনফরমেশন টেকনোলজি এবং লাইট ইঞ্জিনিয়ারিং এ চারটি রপ্তানি পণ্যের সেক্টরকে যোগ্য করে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য কাজ করছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ভূমি বরাদ্দ পাওয়া গেছে, নির্মাণপ্রক্রিয়া চলছে।

বাণিজ্যমন্ত্রী গতকাল শনিবার ভার্চুয়াল প্লাটফরমে আইসিএবি আয়োজিত ‘ডাইভারসিফিকেশন অফ বাংলাদেশ এক্সপোর্ট বাসকেট : অপারচ্যুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য সরকার কাজ করছে। বাণিজ্য সুবিধা আদায়ের জন্য পিটিএ বা এফটিএ-এর মতো বাণিজ্য চুক্তি করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করা হয়েছে, আরো বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা চলছে।

আইসিএবির সাবেক প্রেসিডেন্ট আজিজ এইচ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শুভাশীষ বসু। অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হোসেন, বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যার ম্যান্যুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডিক্রাপ্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম আহসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টটার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু।