ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে গ্যাস সিলিন্ডার লোড-আনলোড

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৫৭

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে গ্যাস সিলিন্ডার লোড-আনলোড করা হচ্ছে। জানা যায়, সদরসহ বাজারের পুরাতন ব্রিজ ও নতুন ব্রিজের পূর্ব পাশসহ উপজেলার বিভিন্ন বাজারে সড়কের ধারে এসব গ্যাস সিলিন্ডার লোড-আনলোড ও বিক্রি করছে ব্যবসায়ীরা। বদলগাছী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘রাস্তার ধারে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান বলেন, ‘রাস্তার ধারে গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী বলেন, ‘আমি কাল পরশুর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’