জেরুজালেমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলো ইসরায়েল

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৫৪

জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্ত্বরে শুক্রবার ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আজ শনিবার (৮ মে) সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ইসরায়েল। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শুরু থেকেই জেরুজালেমের অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ইসরায়েলি পুলিশ এবং ২০৫ জন ফিলিস্থিনি নাগরিক আহত হয়েছেন।

পুলিশ কমিশনার ইয়াকভ শবতই এক বিবৃতিতে জানান, শনিবার থেকে জেরুজালেমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুসলমানদের পবিত্র রাত লাইলাতুল কদর পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে।

এর আগে বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, রেড ক্রিসেন্ট জানায়, ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ চত্ত্বরে ছড়িয়ে পড়া বিরল এ সংঘর্ষে আহতদের চিকিৎসা সেবা দিতে তারা একটি উন্মুক্ত মাঠে হাসপাতাল শিবির স্থাপন করেছে।

শুক্রবার ভোর থেকেই ইসরায়েলি পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল। তারা ব্যারিকেড স্থাপন করে আল-আকসা মসজিদ এবং ওল্ড আল-কুদসে (জেরুজালেম) প্রবেশকারী নাগরিকদের আইডি কার্ড পরীক্ষা করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশের বিবৃতি অনুসারে, সুলতান সুলাইমান, জেরিকো, আল সামওয়াল, নবলুস, সালাহ আল-দীন, আমর বিন আল-আসের রাস্তাগুলি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবধি বন্ধ ছিল।

ইত্তেফাক/টিএ