মনোহরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২১, ২১:৫৮

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জে শনিবার সকালে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরীফুল ইসলাম লিটন (২৬)। সে উপজেলার ঝলম (দ.) ইউপির বচইড় গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠ থেকে সে গরু আনতে যায়। খুঁটি তুলে দিলে গরুটি বাড়ির গোয়ালঘরে চলে আসে। কিন্তু বাড়ি ফেরা হয়নি লিটনের। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। ইউএনও বজ্রপাতে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়ার কথা জানান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।