ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে দোকানে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরো পাঁচ জন। নিহতের নাম আজিজুল হক (৩০)। শুক্রবার ইফতারের আগে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে সংঘর্ষের পর রাত ১০টার দিকে আজিজুল মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার মামদীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে স্থানীয় ভারতী বাজারের মুদি ব্যবসায়ী শাহ আলম সাখুয়া গ্রামের সোহেলের কাছে দোকান বাকির টাকা পেত। ঐ টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেলের লোকদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুনাইল গ্রামের আজিজুল হক, হুমায়ুন কবীর বাবুল, আমিনুল ইসলাম মাখন, শাহ আলম, মহিউদ্দিন আজাদ মানিক ও সাখুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন মাহমুদ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আজিজুল হকের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের স্ত্রী জোসনা বেগম ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
