পাবনা প্রতিনিধি
পাবনা শহরের বড় বাজার পানির ট্যাংক এলাকায় শনিবার দুপুরে এক পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। মৃত আল্লাহদী (৫০) পাবনা শহরের অনন্ত বাজারসংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন। প্রত্যক্ষদর্শী একাধিক ভিক্ষুক জানান, ভিক্ষা ও জাকাতের কাপড়ের জন্য তারা কয়েকজন ভিক্ষুক শহরের বড়বাজারসংলগ্ন পানির ট্যাংকের নিচে দাঁড়িয়েছিল। এ সময় আল্লাহদীর সঙ্গে অন্য এক নারী ভিক্ষুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পাশে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়সি পুরুষ ভিক্ষুক এসে আল্লাহদীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। অন্যরা ধাওয়া দিলে ঘাতক পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আল্লাহদীকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
