নেত্রকোনা প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে কলমাকান্দা উপজেলার উলুকান্দা গ্রামে শনিবার সকালে সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় ছাত্র আহত হয়েছেন। তারা হলেন, ঐ গ্রামের মৃত আব্দুল লতিফ আকন্দের ছেলে ফরহাদুল ইসলাম আকন্দ ও তার ছোট ভাই মহিদুল ইসলাম আকন্দ। ফরহাদুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ শেষ বর্ষে এবং মহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়েন। আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উলুকান্দা গ্রামের জমি নিয়ে ফরহাদুল ও মহিদুলের সঙ্গে তাদের চাচার বিরোধ চলে আসছিল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদুল ও মহিদুলসহ লোকজন ঐ জমির ধান কাটতে গেলে চাচা ও তার ছেলে বাধা দেয়। এ নিয়ে বাগিবতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা ফরহাদুল, মহিদুল ও তাদের বোন লাকিয়া জেসমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
